ড. নাজনীন আহমেদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০: ৫০
ড. নাজনীন আহমেদ। ছবি: সংগৃহীত
ড. নাজনীন আহমেদ। ছবি: সংগৃহীত

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। ১ সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিডি।

ড. ফাহমিদা খাতুনকে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো করা হয়েছে। তার নিয়োগও ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। দীর্ঘ সাড়ে ৯ বছর তিনি সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে সিপিডিতে যোগ দিয়ে তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হন।

নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদের বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বব্যাংক, ডিএফআইডি, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ (আইডিবি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন।

তিনি দুই বছর বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ইকোনমিস্ট ছিলেন। পরে নিউইয়র্কে ইউএনডিপির রিজিওনাল ব্যুরো ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকে তিন বছর পলিসি অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউএনডিপিতে যোগ দেওয়ার আগে নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) গবেষক হিসেবে দীর্ঘ ২৫ বছর কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালের জুলাইয়ে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে বিআইডিএসে যোগ দেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক হন।

আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, লৈঙ্গিক সমতা, সামাজিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিসহ সামষ্টিক অর্থনীতি ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে গবেষণা ও নীতি নির্ধারণী কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

শিক্ষাজীবনে নাজনীন আহমেদ যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং নেদারল্যান্ডসের ওয়াখেনিনয়েন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন শেভেনিং স্কলার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত