ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি প্রায় আড়াই লাখ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ৩০
আবার বাড়ল সোনার দাম। ছবি: সংগৃহীত
আবার বাড়ল সোনার দাম। ছবি: সংগৃহীত

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ার আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

এর আগে গত ২২ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়। ফলে গত শনিবার ও আজ—দুই দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ৭ হাজার ১১৫ টাকা বেড়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারেও ঊর্ধ্বমুখী সোনা

দেশের বাজারে সোনার দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাও ভূমিকা রাখছে। গত সপ্তাহের শেষে আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে।

মার্কিন ডলারের দরপতন, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বাড়ায় গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২০০ দিনের গড় দাম, অর্থাৎ ৪ হাজার ৫১৩ ডলারের ওপরে উঠেছে। গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬২৫ ডলার। অর্থাৎ ২০০ দিনের গড় দামের চেয়ে এখন ১১২ ডলার বেশি।

বাজারে সোনার দাম নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাও বেড়েছে। সাধারণত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে। তবে এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পরও দীর্ঘ সময় সোনার দাম কমতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ডলারের দর, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের বাড়তি চাহিদার কারণে আবারও সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

চলতি বছরের শুরুতে দেশের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত