চট্টগ্রাম বোর্ডে ফের এইচএসসি পরীক্ষায় বসলেন শিক্ষার্থীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯: ১৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে সৃষ্টি বন্যাসহ বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের বন্ধ পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় একইসঙ্গে দেশের অন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা হচ্ছে।

বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র পরীক্ষা হবে। বিকেলে হবে খাদ্য ও পুষ্টি প্রথমপত্রের পরীক্ষা।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় হবে ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয়পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ নিবন্ধিত পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যাঁরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এই পরীক্ষার জন্য মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে ওই সময়েও অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা হয়।

জুলাইয়ের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একই সিদ্ধান্তের আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। সে অনুযায়ী পরীক্ষার্থীরা বর্তমানে কার্যকর নিয়মিত রুটিন অনুসারেই অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবে। তবে স্থগিতাদেশ জারির আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরবর্তী সময়ে নতুন সময়সূচি প্রকাশ করে পুনরায় নেওয়া হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে ওই সময়েও দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা হয়।

Ad 300x250

সম্পর্কিত