২০২৭ শিক্ষাবর্ষেই শুরু হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্লাস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০: ০৯
স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসরাফিল শাহীন। ছবি: সংগৃহীত
স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসরাফিল শাহীন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ছয়টি বিভাগ নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হবে পাঠদান। এসব বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন আগামী সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষ সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য।

অধ্যাপক ইসরাফিল শাহীন বলেন, শিক্ষার্থীদের পাঠদান শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর পরিকল্পনা করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এসব বিভাগের অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁও শহরের কাছাকাছি একটি অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দীর্ঘদিনের প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তব রূপ পেল।

স্থায়ী ক্যাম্পাসের আগে আগামী বছর থেকেই একাডেমিক কার্যক্রমে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়টি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত