রক্তাক্ত ছাত্রকে ফেরত, রাবির চিকিৎসা কেন্দ্রে তালা
স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে রক্তাক্ত অবস্থায় এলেও সেবা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা এসে চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত শিক্ষার্থী শাহরুখ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছাত্র।
জানা যায়, শুক্রবার ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে গুরুতর আঘাত পান শাহরুখ। এতে তার ঠোঁট দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অভিযোগ রয়েছে, কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা না দিয়ে শুধু টিস্যু দিয়ে রক্ত বন্ধের চেষ্টা করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে তারা শাহরুখকে রামেকে নিয়ে যান। এই ঘটনার জেরে রাতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু প্রতিনিধিদের ঘটনাস্থলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর ঠোঁট দিয়ে অনবরত রক্ত পড়ছিল। অথচ চিকিৎসক ন্যূনতম চিকিৎসা না দিয়ে ফেরত পাঠান। এ ধরনের জখমে রামেকে যেতে বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত না হলে এই মেডিকেল সেন্টার চালু রাখার প্রয়োজন নেই।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, দ্রুত বিষয়টি সুরাহা করা যাবে।
চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, কয়েকদিন ধরে ছুটিতে রয়েছি। কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে তালা দিয়েছে। উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।
.png)
-028855-256x144.webp)





