রাশিয়ার নতুন রকেট সিস্টেম ‘সারমা’, বিশেষত্ব কী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

রকেট সিস্টেম ‘সারমা’। ছবি: সংগৃহীত

নতুন রকেট সিস্টেম নিয়ে এসেছে রাশিয়া। এই ব্যবস্থার নাম দিয়েছে ‘সারমা’। বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৬-এ বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি অস্ত্রটি প্রদর্শন করবে রাশিয়া। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এ প্রদর্শনী চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

রুশ বার্তা সংস্থা তাসের এক খবরে বলা হয়, এ প্রদর্শনীতে প্রথমবার দেখানো হবে ৩০০ মিমি ক্যালিবারের ‘সারমা’ মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত করপোরেশন রোস্টেক জানিয়েছে, এই ব্যবস্থার একটি ব্যাচ ইতিমধ্যে রুশ সশস্ত্র বাহিনীতে সরবরাহ করা হয়েছে। এছাড়া বিশেষ সামরিক অভিযানে এটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

সৌদি আরবে প্রদর্শনীতে সারমা সিস্টেমটি একটি সমন্বিত গোয়েন্দা ও স্ট্রাইক সিস্টেমের অংশ হিসেবে দেখানো হবে। এর সঙ্গে থাকবে সুপারক্যাম এস ৩৫০ ড্রোন এবং প্ল্যানশেট-এ আর্টিলারি ফায়ার কন্ট্রোল অটোমেশন প্যাকেজ।

রোস্টেকের কর্মকর্তা বেখান ওজদোয়েভ বলেন, এই যুদ্ধযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দ্রুত চলাচলের সক্ষমতা। এটি মাত্র তিন মিনিটে ফায়ারিং অবস্থানে যেতে পারে এবং একই সময়ে সেখান থেকে সরে যেতে পারে। সারমাতে আধুনিক স্বয়ংক্রিয় গাইডেন্স ও ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এটি পরীক্ষিত স্মের্চ রকেটের পাশাপাশি টর্নাডো-এস সিস্টেমের আধুনিক গাইডেড মিসাইলও ব্যবহার করতে পারে। পুরো স্যালভো ছোড়া যায় মাত্র ১৮ সেকেন্ডে।

এছাড়া প্রথমবারের মতো প্রদর্শিত হবে বিটিআর-২২ সাঁজোয়া কর্মী পরিবহন যান। এতে প্রয়োজনে চালকসহ যুদ্ধকক্ষ বা ‘বালিস্টা’ নামের দূর থেকে নিয়ন্ত্রিত অস্ত্র বসানো যায়।

প্রদর্শনীতে আরও কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেখানো হবে, যেগুলো বিশেষ সামরিক অভিযানে কার্যকারিতা প্রমাণ করেছে। এর মধ্যে রয়েছে ‘কুব-২ই’ লইটারিং মিউনিশন’ এবং ‘ল্যানসেট-ই’ গোয়েন্দা ও স্ট্রাইক সিস্টেম।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের কাছে প্রতিরক্ষা শিল্পের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত