গাড়িতে হামলার পর মমতা, আমাকে মেরেই ফেলত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১: ০৬
হামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি: এনডিটিভি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলা হয়েছে। রোববার (৯ আগস্ট) উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল, কাদা, পানির বোতল ও জুতো ছুড়ে মারা হয়। পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মী বীরজু কেওটের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

পরে সাংবাদিকদের মমতা ব্যানার্জি বলেন, ‘পুলিশের সামনেই বহিরাগত অসামাজিক শক্তি আমার গাড়িতে পাথর ছুড়েছে। আমার গাড়ির কাচ বন্ধ না থাকলে পাথর লেগে মাথা ফেটে যেতে পারত এবং আমি মারাই যেতাম। পুলিশ আমাদের সুরক্ষায় কিছুই করেনি, তারা কেবল বিজেপিকে সুরক্ষা দেয়।’

লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ব্যবহার করে রাজ্য চালাচ্ছেন।’

তবে মমতা ব্যানার্জির ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, এই সহিংসতার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না এবং পুলিশের উচিত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

গত শুক্রবার কাঁচড়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জেনি শর্মার স্বামী বীরজু কেওটকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। শনিবার পুলিশ হেফাজতেই তাঁর মৃত্যু হয়। জেনি শর্মা অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে লকআপে নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, ‘যখন এফআইআরে নাম না থাকা সত্ত্বেও পুলিশ কাউকে হেফাজতে নেয় এবং সে আর জীবিত ফিরে আসে না, তখন তা আর সাধারণ আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠার ওপর প্রশ্ন তোলে।’

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর নিজের নির্বাচনী এলাকায় হামলার শিকার হয়েছিলেন অভিষেক ব্যানার্জিও।

তথ্যসূত্র: এনডিটিভি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত