ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি, আমি থাকতে ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০: ৩৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: এক্স থেকে নেওয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তিনি পদে থাকা পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফার গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেং তিনি। রোববার (৯ আগস্ট) ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন তিনি।

নেতানিয়াহু জানান, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। সব ধরনের অস্ত্র অপসারণ না হওয়া পর্যন্ত এটিকে ভুয়া নিরস্ত্রীকরণ আখ্যা দেন তিনি।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্রের কিছু সিদ্ধান্ত আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়। আমরা জানি কীভাবে এসব বিষয়ে অনড় থাকতে হয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘যত দিন আমি প্রধানমন্ত্রী আছি, তত দিন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না।’

গত ৩১ জুলাই বোর্ড অব পিস ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের খসড়া চুক্তি প্রকাশ করেছিল। এতে গাজার নিরাপত্তা, প্রশাসনিক ও রাজনৈতিক রূপরেখা অন্তর্ভুক্ত ছিল। বোর্ড অব পিস এবং ট্রাম্প যৌথভাবে জানিয়েছেন, হামাস এই রূপরেখা গ্রহণ করেছে।

অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতিতে অনড় রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের বিষয়ে বোর্ড অব পিস ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে ‘স্পষ্ট ও দাপ্তরিক জবাবের’ অপেক্ষায় রয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, এই প্রত্যাখ্যান সংঘাত থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

পশ্চিম তীরের বেথলেহেম থেকে সাংবাদিক নুর ওদেহ বলেন, ইসরায়েলের সমর্থন ছাড়া ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। দীর্ঘদিনের মধ্যস্থতার চেষ্টাগুলোকে পুরোপুরি ভেস্তে দিয়েছেন নেতানিয়াহু।

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরেও গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলা থেমে থাকেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭৩ হাজার ৩০০ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, গাজায় প্রতিদিন গড়ে একটি করে শিশু নিহত হচ্ছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত