স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৬ লাখ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬: ০৭
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। স্ট্রিম ছবি

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভোটার হিসেবে যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেই হিসাবে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। স্থানীয় সরকার নির্বাচনে আপাতত এই ভোটার ধরে পরিকল্পনা করা হচ্ছে। তবে নির্বাচনের সময় পরিবর্তন হলে কিংবা কমিশন সিদ্ধান্ত নিলে সম্পূরক তালিকা হতে পারে।

গত ১৪ মে থেকে জুলাই পর্যন্ত তিন লাখের বেশি ভোটার বেড়েছে জানিয়ে তিনি বলেন, দেশে ১৪ মে পর্যন্ত ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। অর্থাৎ আড়াই মাসে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে জানিয়ে সচিব বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি আজই আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। তবে নির্বাচনী আইনের নথি এখনও পাঠানো হয়নি।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আজ মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া আর কেউ মনোনয়নপত্র নেয়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত