রেনোয়া জাদুঘর থেকে ১২৮ কোটি টাকার চিত্রকর্ম চুরি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৯
ফ্রান্সের রিভিয়েরার রেনোয়া জাদুঘর। সংগৃহীত ছবি
ফ্রান্সের রিভিয়েরার রেনোয়া জাদুঘর। সংগৃহীত ছবি

ফ্রান্সের রিভিয়েরার রেনোয়া জাদুঘর থেকে ৯০ লাখ ইউরো (প্রায় ১২৮ কোটি টাকা) মূল্যের চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়েরে-অগাস্ট রেনোয়ার স্মৃতিবিজড়িত জাদুঘরে এ ঘটনা ঘটে।

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া চিত্রকর্মগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ ইউরো।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪৮ মিনিটে জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে এবং পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই সিসিটিভি ক্যামেরায় শনাক্ত হওয়া দুই চোর পালিয়ে যায় এবং যাওয়ার পথে একটি চিত্রকর্ম ফেলে যায়।

আঞ্চলিক ফরাসি সংবাদপত্র নিস-মাতাঁর প্রতিবেদন অনুযায়ী, চুরি হওয়া চার চিত্রকর্মই চিত্রশিল্পী রেনোয়ার নিজের আঁকা। এগুলো হলো—‘পোর্ট্রেট অব মাদাম পিশন’ (১৮৯৫), ‘পোর্ট্রেট অব মাদাম কলোনা রোমানো’ (১৯১০), ‘কোকো লিজাঁ’ (১৯০৫) এবং ‘জুন ফিয় অ পুই’ (১৮৮৬)। তবে চোরেরা কোন চিত্রকর্মটি ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, চোরেরা নিরাপত্তা বেষ্টনীর তার কেটে জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করে। নিরাপত্তাকর্মীদের দায়িত্ব বদলের সময়ের সুযোগ নিয়ে তারা এই চুরির পরিকল্পনা বাস্তবায়ন করে।

ভূমধ্যসাগরের তীরে প্রাচীন জলপাই বাগানে ঘেরা এই ঐতিহাসিক বাড়িতেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন শিল্পী রেনোয়া। কান-সুর-মের শহরের মেয়র ব্রায়ান ম্যাসন এক বিবৃতিতে জানান, পুলিশ চোরদের গ্রেপ্তারে জোর অভিযান ও তদন্ত চালাচ্ছে।

এই চুরির ঘটনা এমন সময় হলো, যখন প্যারিসের লুভর জাদুঘরে ৮ কোটি ৮০ লাখ ইউরোর অলংকার চুরির ঘটনার এক বছরও পার হয়নি। গত মাসে ইউরোপোলের প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল, ইউরোপজুড়ে সোনা ও মূল্যবান শিল্পকর্ম চোরেরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

তথ্যসূত্র: বিবিসি

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত