ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬: ১৭
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর দিল্লির যন্তর-মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থী ও সিজেপি সমর্থকেরা। ছবি : সংগৃহীত

‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না’- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগকে শিক্ষার্থী আন্দোলনের বড় বিজয় হিসেবে অভিহিত করলেও, তিনি জানিয়েছেন, বাকি দুই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে সিজেপি।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো নিজের পদত্যাগপত্র প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। এর পরপরই প্রতিক্রিয়া জানান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা পেরেছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটা প্রমাণ করে, আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে যে কারও পদত্যাগ আদায় করা সম্ভব। গণতন্ত্রে কখনো ভয় পাবেন না।’

পরে যন্তর মন্তরে আন্দোলনকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে দিপকে বলেন, ‘এটাই গণতন্ত্রের শক্তি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের আন্দোলন এখানেই শেষ নয়। আমাদের আরও দুটি দাবি রয়েছে। নিট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। আর ২০ জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় সিজেপি লিখেছে, ‘শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। ছাত্র শক্তির জয় হোক।’ একই সঙ্গে যন্তর মন্তরে সমর্থকদের উল্লাসের ভিডিও ও ছবি প্রকাশ করে দলটি মন্তব্য করে, ‘এটি শিক্ষার্থীদের বিজয়।’

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাও পদত্যাগকে সাধারণ মানুষের শক্তির জয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের শক্তির সামনে সরকারও শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়।

গত এক মাসের বেশি সময় ধরে নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছিল সিজেপি। আন্দোলনের শুরু থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ‘আলোচনা অযোগ্য’ (নন-নেগোশিয়েবল) দাবি হিসেবে ঘোষণা করে সংগঠনটি। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও এ দাবিতে কোনো ছাড় দেয়নি তারা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সিজেপির আরও দুটি দাবি রয়েছে— নিট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া এবং ২০ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সংগঠনটির নেতারা জানিয়েছেন, এই দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Ad 300x250

সম্পর্কিত