জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

পশ্চিম তীরের মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৫৭
অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: এক্স থেকে নেওয়া

পবিত্র রমজান মাসে অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ধারাবাহিক ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা সোমবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে নাবলুসের কাছে সাররা ও তাল শহরের মাঝামাঝি অবস্থিত আবু বকর আস-সিদ্দিক মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে দেয় হামলাকারীরা।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মসজিদের ভেতরের আসবাবপত্র ভেঙে ফেলা অবস্থায় দেখতে পান। সেখানে তখনো আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল।

স্থানীয় বাসিন্দা মুনির রমদান বলেন, ‘আমি দরজা খুলে হতবাক হয়ে যাই। এখানে আগুন জ্বলছিল, কাচ ভাঙা ছিল এবং দরজাও ভাঙা ছিল।’

মুনির জানান, ‘নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি পেট্রোল ও স্প্রে পেইন্টের ক্যান নিয়ে মসজিদের দিকে যায় এবং কয়েক মিনিট পর দ্রুত সেখান থেকে চলে যায়।’

হামলাকারীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে গ্রাফিতি লেখে। পাশাপাশি ‘প্রতিশোধ’ ও ‘প্রাইস ট্যাগ’ শব্দও লেখা হয়। ‘প্রাইস ট্যাগ’ শব্দটি ফিলিস্তিনিদের ও তাদের সম্পত্তির ওপর বসতি স্থাপনকারীদের হামলা বোঝাতে ব্যবহৃত হয়।

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতা বেড়েছে। জাতিসংঘের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তাল গ্রামের বাসিন্দা সালেম ইশতাইয়েহ বলেন, রমজানে রোজা রাখা ফিলিস্তিনিদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। ‘তারা কথার মাধ্যমে উসকানি দিতে চায়। তারা শুধু ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করছে না, ধর্মের ওপর আঘাত করছে,’ বলেন তিনি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিম তীরে ৪৫টি মসজিদে ভাঙচুর বা হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়েছে এবং সন্দেহভাজনদের খুঁজছে।

Ad 300x250

সম্পর্কিত