দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ অক্টোবর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মো. সাহাবুদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন এ তারিখ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২৫১ কোটি টাকা মূল্যের শেয়ার কেনে। তবে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা হলেও পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা। এটি আর্থিক সক্ষমতার পরিপন্থী বলে এজাহারে উল্লেখ করা হয়।

পরিকল্পিতভাবে ও যোগসাজশের মাধ্যমে ইসলামী ব্যাংকের অর্থে এ অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ১২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় তাকে ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

২০১৭ সালে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হন। ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি পদটি ছেড়ে দেন। মামলায় এস আলমসহ ব্যাংকের সাবেক কয়েকজন পরিচালককেও আসামি করা হয়েছে।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র অফিসার মো. আবদুস ছামাদ মামলাটি করেন। আদালত তখন জবানবন্দি গ্রহণ করে দুদককে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত