আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়, সরাসরি ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২: ৩৬
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

কখনো ম্যাচের ফল দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে বদলে দেয় অন্য কোন দলের ভাগ্য। গতকাল (১০ আগস্ট) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে তা-ই হয়েছে। আইরিশদের হারিয়ে আফগানরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে। একইসঙ্গে এই জয়ে কোনো সমীকরণ ছাড়া সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩০ সেপ্টেম্বরের কাট-অফ সময়ের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটের ভেতরে ঢোকার সুযোগ হারিয়ে ফেলে। ফলে দ্বিতীয়বারের মতো বাছাইপর্ব খেলতে হবে দলটির।

গতকাল বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২০৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আফগানিস্তান। তবে দলটির অধিনায়ক রশিদ খানের অপরাজিত ৩৭ রানে দলকে জয় এনে দেয়।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। বাকি দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে খেলবে। তবে দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় কোটায় সুযোগ পাবে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল।

সেই হিসেবে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। এছাড়া আফগানিস্তান রয়েছে অষ্টম স্থানে। আফগানিস্তান জয় পেয়ে নিজেদের অবস্থান পোক্ত করায় ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭ হওয়ায় তাদের আর সুযোগ নেই বাংলাদেশকে টপকে যাওয়ার। ফলে নবম স্থানে থাকা বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত