প্রধানমন্ত্রীর আত্মীয়ের পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, সিসিটিভিতে চিহ্নিত ৬

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনের জমানো টাকা একসঙ্গে রোববার ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পের মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।

পুলিশ জানায়, পাম্পের সহকারী ম্যানেজার মো. আল আমীন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান চালক খোরশেদ রোববার সকালে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা গতিরোধ করে রিভলভার ঠেকায় এবং আল আমীনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আল আমীনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের উত্তরা বিভাগের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বড় অঙ্কের টাকা ছিনতাই ও অপরাধীদের অবস্থান শনাক্তে বিমানবন্দর থানা পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে নেমেছে। ব্যবহৃত তিনটি মোটরসাইকেলের নম্বর পাওয়ার পাশাপাশি তাদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত