রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট কেমন হবে, জানাল ইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৯: ০৩
ইসি সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

আগামী ২০ আগস্ট সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ছাপানো ব্যালট পেপারে দুটি অংশ থাকবে। একটি মুড়ি, অন্যটি ভোট। মুড়িতে ব্যালটের ক্রমিক, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জন্য একটি ফাঁকা জায়গা থাকবে। ফাঁকা স্থানে স্বাক্ষর করে ব্যালট নিতে হবে ভোটারকে। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। প্রত্যেক নামের পাশে ফাঁকা জায়গা আছে। সেখানে ভোটাররা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।

আখতার আহমেদ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সংসদ সচিবালয়ে স্পিকার, সরকারদলীয় চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ ও অন্যান্য হুইপের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। এ সময় সিদ্ধান্ত হয়– আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে, সংসদের অধিবেশন কক্ষে।

তিনি বলেন, অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা, তাঁরা ব্যালট পেপার পৌঁছে দেব। তারা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে সামনে থাকা তিনটি ব্যালট বক্সের যেকোনো একটিতে জমা দেবেন। বিকেল ৫টার পরে ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

মনোনীত প্রার্থী বলতে কি বুঝানো হচ্ছে– প্রশ্নে ইসি সচিব বলেন, মনোনীত প্রার্থী বলতে সংসদ সদস্যরা যে প্রার্থীকে পছন্দ করে ভোট দেবেন। আমি সেই অর্থে বলেছি। একজন সংসদ সদস্য যাঁকে ভোট দেবেন, তাঁর নামের পাশে যে ফাঁকা জায়গা আছে, সেখানে তিনি স্বাক্ষর করবেন। আমি এটি বোঝাতে চেয়েছি।

সংবিধানের ৭০ এর অনুচ্ছেদ অনুযায়ী সরকার দলীয় সংসদ সদস্যের তো বিরোধীদল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ ভোট দিলে ‘ফ্লোর ক্রসিং’ হবে কিনা– প্রশ্নে তিনি বলেন, ‘এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত না। এটি রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক নেতারা ভালো বলতে পারবেন।’

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুতে সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদকর্মীদের জন্য আসন থাকবে। সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে ২০ জনের নাম দেব। তাদের আলাদা পরিচয়পত্র দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় সাহায্যকারী কর্মকর্তা সংসদ সচিবালয় থেকে আমাদের দেওয়া হবে। ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এজন্য কমিশন এটি প্রত্যক্ষ করার সুযোগ নেবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভোটের জন্য সংসদ সদস্যদের আহ্বানের বিষয়ে আজকে গেজেটে বিস্তারিত থাকবে। সংসদ সদস্যদের ভোটের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে। স্বচ্ছ ব্যালট বক্সে ভোট হবে। সংসদ সদস্যরা তাদের কাছাকাছি বক্সে ব্যালট জমা দিতে পারবেন।’

ইসি সচিব আরও বলেন, ‘প্রাথমিক ফলাফল সিইসি সংসদ অধিবেশন কক্ষেই ঘোষণা করবেন। পরে ইসি গেজেট করবে।’

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোঃ সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। গত ৯ আগস্ট বিএনপি এবং ১০ আগস্ট জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট যাচাই-বাছাই করে বৈধ-অবৈধ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপর ২০ আগস্ট ভোট হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত