বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ১২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৫: ৪৪
সোনারগাঁওয়ের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।

দগ্ধরা ১২ জন হলেন¬– নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা জানান, দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় রান্নাঘরে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অন্তত ১২ জন দগ্ধ হন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

কেন্দ্রের এক কর্মকর্তা জানান, রান্না শেষে কোনো একজন চুলা বন্ধ করেনি। এতে রান্নাঘরে গ্যাস জমে যায়। পরে ম্যাচ জ্বালাতেই বিস্ফোরণ হয়।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, সোনারগাঁ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানাতে পারব।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে।

৭১৮ মেগাওয়াটের মেঘনাঘাট দেশের অন্যতম বড় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

সম্পর্কিত