গোয়ালন্দে লোডশেডিংয়ে বিপাকে পোলট্রি খামার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯: ৪২
গোয়ালন্দের একটি পোল্ট্রি খামার। সংগৃহীত ছবি

সারা দেশে সোনালি মুরগির বাচ্চার চাহিদার একটি বড় অংশ সরবরাহ করা রাজবাড়ীর গোয়ালন্দ থেকে। গোয়ালন্দে কয়েক শ খামারের পাশাপাশি হ্যাচারি রয়েছে ২২টি। গত কয়েক সপ্তাহের লোডশেডিংয়ে বিপাকে পড়তে হচ্ছে খামারি ও হ্যাচারিমালিকদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোয়ালন্দে বিদ্যুতের সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। এক সপ্তাহে ধরে দিন এবং রাতের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। সকাল, বিকেল সন্ধ্যা, রাত ও গভীর রাতেও একাধিকবার বিদ্যুৎ বন্ধ ও চালু হয়।

তীব্র গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোলট্রি খাত। বিদ্যুৎ না থাকায় খামারগুলোতে বাধ্য হয়ে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। পাশাপাশি অতিরিক্ত গরমে অনেক মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটছে বলে জানান খামারিরা।

গোয়ালন্দ পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘নিয়মিত লোডশেডিং ও তীব্র গরমে পোলট্রি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। জেনারেটর চালিয়ে খরচ সামলানো অসম্ভব হয়ে উঠছে। অনেক খামার বন্ধ হওয়ার পথে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, রাজবাড়ী জেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে ৮৬৫টি, লেয়ার মুরগির খামার রয়েছে ৫৩৮টি, সোনালি মুরগির খামার রয়েছে ৬০৩টি ও হ্যাচারি রয়েছে ২৯টি যার ২২টি হ্যাচারি গোয়ালন্দ উপজেলায়।

বর্তমানে চাহিদার তুলনা উৎপাদন বেড়ে যাওয়ায় কমেছে মুরগির বাচ্চার দাম। এর ওপর লোডশেডিংয়ে বর্তমানে প্রতিটি বাচ্চার উৎপাদন খরচ আরও বেড়েছে। এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোয়ালন্দ কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, গোয়ালন্দে বিদ্যুতের চাহিদা প্রায় ৭ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে সাড়ে ৩ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বাধ্য হয়েই লোডশেডিং করে বিদ্যুৎব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এ ছাড়াও ডিম, মাংস ও মুরগীর বাচ্চা উৎপাৎদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই জেলার খামারিরা। বর্তমানে লোডশেডিংয়ের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত