জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ১২
বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে তিনি একথা বলেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘আজ আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে।’

সেনাপ্রধান বলেন, ‘সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল অবস্থা বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে, আমার কাছে যে খবর, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।’

ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘আমি সবাইকে, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন।। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’

সেনাপ্রধান আশা প্রকাশ করে বলেন, ‘ইনশাল্লাহ, আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সফল হব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। এছাড়া গণভোট হচ্ছে। সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবে ‘হ্যাঁ’-‘না’ ভোট দেবেন ভোটাররা।

নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

এবারের নির্বাচনে স্বতন্ত্র ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টি দল। মোট প্রার্থী ২০২৮ জন, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

Ad 300x250

সম্পর্কিত