জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

৭৯ হাজার টাকাসহ জামায়াতের ওয়ার্ড আমির আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৬
ওয়ার্ড জামায়াতের আমির শরীফ জিসান

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমির শরীফ জিসান আটক হয়েছেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে শরীফ জিসানের কাছে নগদ টাকা থাকার বিষয়টি স্থানীয় জনতার নজরে আসে। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হয়। এ সময় তাঁর কাছে থাকা ৭৯ হাজার টাকা জব্দ করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ‘তাঁকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। এছাড়া গণভোট হচ্ছে। সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবে ‘হ্যাঁ’-‘না’ ভোট দেবেন ভোটাররা।

নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

এবারের নির্বাচনে স্বতন্ত্র ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টি দল। মোট প্রার্থী ২০২৮ জন, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

Ad 300x250

সম্পর্কিত