জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

খুলনায় ভোটকেন্দ্রে জামায়াত নেতার ‘ধাক্কায়’ বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২৪
বিএনপি নেতা মহিবুজ্জামান কচি

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াত নেতার ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

নিহত মহিবুজ্জামান কচি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তাঁর বাড়ি।

খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, ‘সকাল থেকেই আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাঁকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। এতেই তাঁর মৃত্যু হয়েছে।’

তবে অভিযুক্ত খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, ‘আমি সবুরন্নেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়িতে প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন নারীকে বের করে দিচ্ছে। আমি সবাইকে কেন্দ্রে যেতে বলি, কাউকে ধাক্কা দেইনি।’

অভিযোগ অস্বীকার করে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমানও বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাধা দেই। তখন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন।’

কেন্দ্রটির দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, সকাল ৮টায় আলিয়া মাদ্রাসা একাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই পক্ষকে সরিয়ে দেই। তখন একজনকে অটোরিকশায় করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। এটি আমার এখতিয়ারে নয়।’

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, আলিয়া মাদ্রাসায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন। আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহবুবের গ্রেপ্তারের দাবি জানাই।

খুলনা-২ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘যেহেতু ঘটনাটি ভোটকেন্দ্রের মধ্যে ঘটেছে। সেখানে সিসি ক্যামেরা রয়েছে।’ সিসি ক্যামেরার ভিডিও দেখে এ বিষয়ে যদি কেউ দায়ী থাকেন তাহলে তার শাস্তি দাবি করেন তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত