বাঁধনকে হেনস্তাকারীদের ছেড়ে দেব না: তথ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হামলা-হেনস্তার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন এবং কয়েকটি ভিডিও দেন। ছবি: বাঁধনের ফেসবুক থেকে নেওয়া
হামলা-হেনস্তার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন এবং কয়েকটি ভিডিও দেন। ছবি: বাঁধনের ফেসবুক থেকে নেওয়া

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ নিজের চরিত্র উন্মোচন করেছে। এজন্য তাদের ধন্যবাদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ।

ভেনিস চলচ্চিত্র উৎসব যোগ দিতে সপরিবারে ইতালিতে আছেন অভিনেত্রী বাঁধন। সোমবার রাতে ইতালির একটি পার্কে ঘোরাফেরার সময় তাঁর ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর সৈনিক পরিচয়ে হামলা-হেনস্তার অভিযোগ করেন বাঁধন। পরে ফেসবুক লাইভে বাঁধন জানান, ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তাঁকে শারীরিকভাবে আঘাত, গায়ে পচা ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করা হয়।

এ ব্যাপারে এক সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এই ব্যাপারে ওই দেশে যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তা শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। আমি বাঁধনের উদ্দেশে বলব¬– আওয়ামী মাফিয়া গ্যাংয়ের হেনস্তা হওয়ার শিকার হওয়া এক ধরনের অর্জন। আপনি আসলে সঠিক পথে ছিলেন, এটা তার প্রমাণ।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

এই হামলার মাধ্যমে আওয়ামী লীগের আসল চরিত্র উন্মোচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজমেরী হক বাঁধনের ওপরে হামলা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাদের একটু ধন্যবাদও দেওয়ার আছে। আওয়ামী লীগ কী বস্তু? আওয়ামী লীগ কারা করেন? তাঁরা আমাদের সামনে আবার হাজির করছেন।’

ডা. জাহেদ বলেন, ‘আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল মনে করি না, ইটস এ মাফিয়া গ্যাং। আজমেরী হক বাঁধনের ওপরে যা হলো, এটা আবার বোঝাল। তাদের কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো হতো না।’

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে এই উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে শহরে অবস্থান করছেন বাঁধন।

উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন– জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।

আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল মনে করি না, ইটস এ মাফিয়া গ্যাং। আজমেরী হক বাঁধনের ওপরে যা হলো, এটা আবার বোঝাল। তাদের কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুক লাইভে বাঁধন জানান, স্থানীয় সময় সোমবার রাতে একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তাঁর সঙ্গে ভাইয়ের শিশুসন্তানও ছিল।

২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি অংশ নেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমে কথাও বলেছিলেন তিনি।

বাঁধনের ওপর হামলার ঘটনা নিজের ফেসবুকে ছবিসহ দিয়ে লন্ডনপ্রবাসী সাংবাদিক জুলকারনায়েন সায়ের লিখেছেন, ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় সরাসরি জড়িত সবুজ টি-শার্ট পরিহিত ব্যক্তির নাম শিপলু মাহমুদ বিপ্লব। দুদিন আগে তাঁকে শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে জেনেছি। আশা করি, আপনারা তাঁর কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

হামলাকারীদের উদ্দেশে বাঁধন আরও বলেন, ‘আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত