রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন কেন্দ্র হিসেবে বরিশালকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাবির উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালে পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার বরিশালেও পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ভর্তি উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ১২ থেকে ২৭ নভেম্বর অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে পরীক্ষা ও আবেদনের এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তা চূড়ান্ত হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত