জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

প্রতি বছর এমপিদের সম্পদের হিসাব প্রকাশের দাবি টিআইবির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

টিআইবি

সদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এই সিদ্ধান্তকে রাষ্ট্র মেরামতে দীর্ঘদিনের লালিত কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে অভিহিত করেছে। একইসঙ্গে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিক নবায়নযোগ্যভাবে প্রকাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এই আহ্বান জানায়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা যেন ভুলে না যাই যে জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক অভিষ্ট এমন এক জনকল্যাণমূলক বাংলাদেশ, যা হবে সুশাসিত, জনগণের কাছে জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত। এক্ষেত্রে সরকারি ও জনপ্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা ও প্রয়াস থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ছাড়া প্রদত্ত কোনো ধরনের প্রতিশ্রুতিই সঠিকভাবে বাস্তবায়ন যেমন সম্ভব হবে না, তেমনি সরকারের গৃহীত কার্যক্রমের বাস্তব সুফলও জনগণের কাছে কাঙ্ক্ষিতমাত্রায় পৌঁছাবে না।’

ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ না করা গেলে উন্নয়ন প্রকল্প ও ক্রয়খাতসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং পেশাগত ও প্রাতিষ্ঠানিক দলীয়করণের পাশাপাশি ঘুষ ও অন্যান্য অবৈধ লেনদেন, করফাঁকি ও অর্থপাচারসহ চৌর্যতাত্ত্বিক অনাচার অব্যাহত থাকার ঝুঁকি প্রসারিত হবে।

সরকারের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত হিসেবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিক নবায়নযোগ্যভাবে ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করার জোর দাবি জানান ড. জামান। তিনি বলেন, ‘সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৫৪ ধারা অনুযায়ী সকল জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী বাৎসরিকভিত্তিতে হালনাগাদ করার বাধ্যবাধকতার চর্চা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, এই চর্চা সকল খাত ও পর্যায়ের সকল সরকারি কর্মচারী ও অন্যান্য জনবল, যাদের বেতন-ভাতা রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়, তাদের সকলের জন্য প্রযোজ্য করতে হবে।’

ড. জামান আরও বলেন, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার সূচিত ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার প্রথম পদক্ষেপ। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতিহার, জুলাই সনদ ও দুর্নীতি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

এ ক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন এবং জাতীয় দুর্নীতিবিরোধী কৌশলে সরকারি জোটসহ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরে অন্যান্য রাজনৈতিক দল এবং সকল রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সার্বিক ভূমিকা পালনের সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে টিআইবি।

Ad 300x250

সম্পর্কিত