অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯: ৪১
মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান ( স্নিগ্ধা চৌধুরী)। সংগৃহীত ছবি

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান ( স্নিগ্ধা চৌধুরী)। রোববার দিবাগত রাত সোয়া বারটার দিকে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হুসাইন জানান, তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশের একটি দল মাঠে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দীন রাসেলও অভিযান অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ইমন নামের এক ব্যক্তি ইশরাত জাহানকে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন এবং আর্থিক চুক্তি করার কথা বলেন। ওই দিন রাত ৮টার দিকে ইশরাত তাঁর মাকে নিয়ে ৩০০ ফুট এলাকায় আশিয়ান মেডিকেল কলেজের অফিসে চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার সঙ্গে দেখা করতে যান। একপর্যায়ে ইশরাতের মা বাসায় ফিরে যান। এরপর ইশরাতকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন, ‘তোকে আমি ৬ মাস যাবৎ খুঁজছি, তুই আমার টাকায় অন্য ব্যাটাকে সঙ্গে নিয়ে বাসার পর্দা কিনেছিস।’

নজরুল ইসলাম তাঁকে অন্য এক নারী ভেবে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুললেন। এ সময় ইশরাত তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তিনি সেই ব্যক্তি নন।

অভিযোগে বলা হয়েছে, এরপর নজরুল ইসলাম ভূইয়া ইশরাতকে গুলি করার হুমকি দেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তাঁকে চুল ধরে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলা হয়। পরে অভিযুক্তের ব্যক্তিগত সহকারী তাঁকে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করেন এবং অস্বীকৃতি জানালে মুখে গরম কফি ছুড়ে মারেন। এরপর অভিযুক্ত কাঁচি নিয়ে তাঁর চেহারা নষ্ট করার হুমকি দেন।

লিখিত অভিযোগে ইশরাত আরও উল্লেখ করেন, প্রায় দুই ঘণ্টা দফায় দফায় মারধরের পর তাঁর মুখ চেপে জোরপূর্বক মদের সঙ্গে ওষুধজাতীয় কিছু মিশিয়ে পান করানো হয়। পরে অভিযুক্ত অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে ভবনের প্রথম তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে বাসায় ফিরে আসেন তিনি। ঘটনার পরদিন তিনি অচেতন ছিলেন। ২৬ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে আজ দুপুরে ইশরাত জাহান বলেন, ‘আমি অসুস্থ, চিকিৎসাধীন। নাহিয়ান ইমনের সঙ্গে যোগাযোগ করেন, যাবতীয় সবকিছু তার কাছে আছে। আমরা বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করব।’

অন্যদিকে, মামলার বিষয়ে বক্তব্য জানতে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার মোবাইল ফোনে কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত