ফিরে দেখা

মধ্যদুপুরের সেই ট্র্যাজেডি, তারেক মাসুদ নিহত হয়েছিলেন যে দুর্ঘটনায়

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৩: ৩৪
দুর্ঘটনায় বিধ্বস্ত তারেক মাসুদদের বহনকারী গাড়ি। ছবি: সংগৃহীত

‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য উপযুক্ত লোকেশন খুঁজছিলেন নির্মাতারা। বেশ কিছুদিন খোঁজার পর মানিকগঞ্জের একটি জায়গা তাদের পছন্দ হয়। সেটি দেখতে গিয়ে ফেরার পথেই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা।

দিনটি ছিল ২০১১ সালের ১৩ আগস্ট। খুব সকালে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর, তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালি আল মামুন, তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম জলি, প্রোডাকশন সহকারী ওয়াসিম এবং সেট নির্মাতা জামাল। গাড়ি চালাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান।

সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বৃষ্টির কারণে রাস্তা ছিল পিচ্ছিল। তবে কোনো বাধা ছাড়াই তারা পৌঁছে যান মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে, ইছামতি নদীর তীরে। ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের জন্য জায়গাটি সবারই পছন্দ হয়। লোকেশনটি ভালোভাবে দেখে তাঁরা আবার ঢাকার পথে রওনা দেন।

সময় তখন প্রায় দুপুর ১২টা। মানিকগঞ্জ শহর থেকে সাত-আট কিলোমিটার পশ্চিমে জোকা এলাকায় পৌঁছানোর পর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি।

আঁকাবাঁকা সড়কের একটি বাঁকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস তাদের মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। বাসটির নম্বর ছিল ঢাকা মেট্রো ব ১৪-৪২৮৮, আর মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো চ-১৩-০৩০২।

সংঘর্ষের ধাক্কায় মাইক্রোবাসটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান তারেক মাসুদ, মিশুক মুনীর, প্রোডাকশন সহকারী ওয়াসিম, সেট নির্মাতা জামাল এবং গাড়িচালক মোস্তাফিজুর রহমান। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁদের আর চিকিৎসার সুযোগ হয়নি।

আহত হন ক্যাথরিন মাসুদ, ঢালি আল মামুন ও দেলোয়ারা বেগম জলি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানিকগঞ্জ পুলিশ ও ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁরা বেঁচে গেলেও সেদিন দেশ হারায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো দুই অসাধারণ প্রতিভাকে।

জোকার সেই বাঁকা সড়কে ২০১১ সালের ১৩ আগস্ট যে দুর্ঘটনা ঘটেছিল, তা হয়ে আছে বাংলাদেশের চলচ্চিত্র ও গণমাধ্যমের ইতিহাসের এক গভীর বেদনার দিন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত