বিএন‌পির রাষ্ট্রপ‌তি প্রার্থী মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদে দলটির সংখ্যাগরিষ্ঠতার সুবাদে মির্জা ফখরুলই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপ্রতি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির সি‌নিয়র নেতা‌দের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করেন তারেক রহমান।

‌বৈঠক শে‌ষে বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ ছাড়া দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়। প্রার্থী ঠিক করার দায়িত্বভার পেয়ে দলের চেয়ারম্যান এ কয়েকদিন ফোনে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতেই তিনি প্রার্থী চূড়ান্ত করেন।

১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিরোধী জামায়াত জোট প্রার্থী দেওয়ায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো ভোট হতে যাচ্ছে। এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদকে প্রার্থী করছে বিরোধী ১১ দলীয় ঐক্য।

এদিকে, সচিবালয়ে বৈঠক শুরুর আগে সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যান।

হুইপ নূরুল ইসলাম জানান, বিএনপির তরফ থেকে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। সেগুলো তিনি নিয়ে এসেছেন। বিএনপির বৈঠক শেষে তারা মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে যাবেন।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রত্যাহার করা যাবে ১৬ আগস্ট পর্যন্ত। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।

ভারপ্রাপ্ত এবং পূর্ণাঙ্গ মিলে ২০১১ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছেন মির্জা ফখরুল। তাঁকে ২০১১ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। এরপর ২০১৬ সালের পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান।

মির্জা ফখরুল বঙ্গভবনের নতুন বাসিন্দা হলে বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহাসচিব পদ শূন্য হবে। এরই মধ্যে পদত্যাগ করেছেন তিনি। এই পদে দীর্ঘদিন ধরেই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আসবেন বলে চাউর রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতীয় কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রুহুল কবির রিজভী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত