গাজীপুর সাফারি পার্কে দুদিনে দুইটি হাতির মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

গাজীপুর সাফারি পার্কে আরেক হাতির হামলায় আহত হাতি রাজু বাহাদুরকে উদ্ধার। সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে আনা মালিকানাধীন হাতি ‘রাজু বাহাদুর’ মারা গেছে। সেখানে প্রায় আড়াই মাস ধরে তার চিকিৎসা চলছিল। এতে মাত্র দুই দিনের মধ্যে রাজু বাহাদুরসহ দুটি হাতির ‍মৃত্যু হলো।

গতকাল বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তিনি জানান, মারা যাওয়া হাতি দুটির দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমতিতে পার্কের ভেতরে তাদের মাটি চাপা দেওয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জে চাঁদা তোলা থেকে মুক্ত করে হাতিটি গাজীপুর সাফারি পার্কে আনা হয়। উদ্ধারের সময় তার বয়স ছিল প্রায় ৯ বছর। তবে গত ৭ আগস্ট রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগের দিন ৬ আগস্ট আরেকটি হাতির মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সাফারি পার্ক সূত্রে জানা গেছে, গাজীপুর সাফারি পার্কে থাইল্যান্ডের বন্যপ্রাণী বিশেষজ্ঞসহ দেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে হাতি রাজু বাহাদুরের চিকিৎসা চলছিল। তবে ৭ আগস্ট দুপুরে পার্কের হাতিশালায় রাজু বাহাদুরকে মৃত অবস্থায় দেখতে পান কর্মীরা। এর আগের দিন পূর্ণ বয়স্ক আরেকটি হাতির মৃত্যু হয়। হাতিটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর আক্রমণ করে পার্কের অন্য একটি হাতি। এতে ধাক্কায় রাজু বাহাদুর মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে ক্রেনের সাহায্যে তাকে সেখান থেকে সরিয়ে বালুর ওপর রাখা হয়। আহত হওয়ার পর থেকেই রাজু বাহাদুর দাঁড়াতে পারছিল না। শুয়ে থাকা অবস্থায় তাকে আখসহ অন্যান্য খাবার দেওয়া হচ্ছিল।

এদিকে রাজু বাহাদুরের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হাতিটির একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও গুরুতর আঘাত ছিল। পরিস্থিতি সংকটজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের আনা হয়। পাশাপাশি দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের পরামর্শ ও তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল।

গাজীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে মো. আতিকুর রহমান নামের একজনের মালিকায় ছিল হাতি রাজু বাহাদুর। তিনি হাতিটি দিয়ে বিভিন্ন সড়কে ও বাজারে মানুষের কাছ থেকে চাঁদা তোলায় ব্যবহার করতেন। পরে হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতিশালায় হাতিগুলোর মধ্যে কখনো সংঘর্ষের ঘটনা ঘটে। তেমনি এক ঘটনায় রাজু বাহাদুর মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিল। এরপর দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগের দিন ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা অন্য একটি হাতি মারা যায়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত