আদ-দ্বীন থেকে শেখ মহিউদ্দিনের পদত্যাগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর জেরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অবকাঠামো ও ব্যবস্থাপনাগত সংস্কারের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ডা. শেখ মহিউদ্দিন।

মঙ্গলবার (১৬ জুন) আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার এবং চিকিৎসা–সংক্রান্ত প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আদ-দ্বীন ফাউন্ডেশন জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক জামালুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপক ২৫ বছরের বেশি শিক্ষকতা করে সম্প্রতি অবসর নিয়েছেন।

১৯৮০ সাল থেকে আদ-দ্বীন স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে ৯ হাসপাতাল, পাঁচ মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, চারটি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও একটি কলেজিয়েট স্কুল পরিচালনা করছে আদ-দ্বীন।

মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে প্রায় ১ হাজার ৭৯০ চিকিৎসক, নার্স ও কর্মরত জনবল রয়েছে। মেডিকেল কলেজটিতে ২০৯ বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তের পরে ১১ জুন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর তিন দিনের মধ্যে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে নির্দেশ দেয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

আদ-দ্বীন থেকে শেখ মহিউদ্দিনের পদত্যাগ