পাবনায় জ্বালানি সংকটে স্থবির ইছামতী পুনঃখনন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পাবনা

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০: ৩৩
পাবনায় জ্বালানি সংকটে আট দিন ধরে বন্ধ ইছামতী নদী পুনঃখনন। স্ট্রিম ছবি

পাবনায় জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে ইছামতী নদী পুনঃখনন। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় আট দিন ধরে অলস পড়ে আছে প্রকল্পের এক্সকাভেটরগুলো (খননযন্ত্র)। সংশয় তৈরি হয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে। এতে কাজের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সসহ স্থানীয় ঠিকাদারদের দাবি, বাজারে তীব্র জ্বালানি সংকটের কারণে তারা চাহিদা অনুযায়ী ডিজেল সংগ্রহ করতে পারছেন না। কাজের সময় বেড়ে গেলে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন পয়েন্টে খননকাজের সরঞ্জামগুলো কর্মহীন দাঁড়িয়ে আছে। কাজের অপেক্ষায় অলস সময় পার করছেন শ্রমিক ও চালকরা।

আটুয়া হাউজপাড়া এলাকায় এক্সকাভেটরচালক জনি বলেন, ‘৮ দিন ধরে এক ফোঁটাও ডিজেল পাই নাই। মেশিন চালানো তো দূরের কথা, সারা দিন বসে বসে সময় কাটছে। এভাবে বসে থাকলে কাজ আগাবে কেমনে?’

ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজ বন্ধ থাকায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে তাদের। এ ছাড়া শ্রমিকের মজুরি ও যন্ত্রপাতির ভাড়া বেড়েই চলেছে। সময়মতো কাজ শেষ না হলে প্রকল্পের ব্যয় বেড়ে যাবে। একই সঙ্গে বর্ষায় নতুন করে খনন করা অংশ ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কাজের দীর্ঘসূত্রিতায় অসন্তোষ প্রকাশ করে পাবনা শহরের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বারবার এই খননকাজ বাধাগ্রস্ত হচ্ছে। সামনে বর্ষা মৌসুম চলে আসছে, অথচ কাজের কোনো অগ্রগতি নেই। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে জনগণের এই বিপুল অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না।

তবে জ্বালানি সংকটকে ‘সাময়িক’ বলছেন ইছামতী নদী পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিতকরণ প্রকল্প পরিচালক সুধাংশু কুমার সরকার। প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘জ্বালানি সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে ঠিকই, তবে আমরা বসে নেই। জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুতই পুরোদমে কাজ শুরু হবে।’

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, তেল সংকটের বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের জানিয়েছে। আমরা বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করি দ্রুতই এ সংকট নিরসন হবে।

সম্পর্কিত