গত অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ১৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্ট্রিম গ্রাফিক

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা ঘাটতি দেখা দিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এনবিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছরের ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকার তুলনায় গত অর্থবছরে রাজস্ব আহরণ ১২ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে।

অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৯১৫ কোটি টাকা, যার বিপরীতে আদায় হয়েছে ৫৪ হাজার ৫২৩ কোটি টাকা। এ হিসাবে জুনে ঘাটতির পরিমাণ ৬ হাজার ৩৯২ কোটি টাকা। তবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে জুনে আদায় বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে আয়কর খাতে সবচেয়ে বেশি ৪০ হাজার ৪৯০ কোটি টাকা ঘাটতি হয়েছে। ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এ খাতে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার৬২০ কোটি টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ হাজার ৩৭৬ কোটি টাকা কম।

কাস্টমস বা আমদানি শুল্ক খাতে ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১১৯ কোটি টাকা, যেখানে ঘাটতি ১৮ হাজার ৬৬১ কোটি টাকা। তবে তিনটি খাতেই আগের অর্থবছরের তুলনায় ১১ থেকে ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত