২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২২: ২৭
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

সারাদেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে শেরেবাংলা নগরে এই কর্মসূচির সূচনা হবে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাঙ্গনে এই উদ্যোগ শুরু হচ্ছে। এর আওতায় আগামী ৫ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার দুপুর ২টায় শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী একযোগে ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে ১টি ফলদ, ১টি বনজ এবং ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ