বাংলাদেশ-কাজাখস্তান প্রধানমন্ত্রীর সাক্ষাতে স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠায় ঐকমত্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়েও একমত হন।

এ ছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া পানি কূটনীতি বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত