মিড ডে মিলে অনিয়ম, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে তদন্ত কমিটি গঠন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২: ৫০
প্রাথমিক বিদ্যালয়। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৬ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সরকারের নজরে আসে। মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা এবং তাদের পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার এই প্রোগ্রাম চালু করেছিল।

ইতিমধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেখানকার খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি কেন বাতিল করা হবে না, সে মর্মে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে ইতিমধ্যে একটি প্রতিবেদন দিয়েছেন। ওই জেলার খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এ ছাড়া মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

সম্পর্কিত