মাওলানা ফারুকী হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি পেছাল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩১
২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। সংগৃহীত ছবি
২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। সংগৃহীত ছবি

ইসলামী বক্তা ও ধর্মীয় ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি ইঞ্জিনিয়ার রতন চৌধুরীর আইনজীবী মো. জায়েদুর রহমান সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেন।

এদিন অপর আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ ও আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজিরা দেন। একইসঙ্গে আসামি হাদিসুর রহমান সাগরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক থাকায় উপস্থিত ছিলেন না।

মামলায় আসামিরা হলেন হাদিসুর রহমান ওরফে সাগর ওরফে জুলফিকার ওরফে সাদ বিন আবু ওয়াক্কাস ওরফে আবু আল বাঙ্গালী ওরফে আব্দুল্লাহ স্যার ওরফে তৌফিক আমজাদ (৩৫), আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ (৩৫), রফিকুল ইসলাম ফারদীন (৩১), আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী (২৫), মাহমুদ ইবনে বাশার (৩২), রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রাকিবুল ইসলাম রিয়াজ (৩৩)।

আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে নৃশংসভাবে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়। হত্যার পর তার বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত জঙ্গিরা পূর্ব-পরিকল্পিতভাবে ঘটনার দিন নূরুল ইসলাম ফারুকীকে মতাদর্শের পার্থক্যের কারণে তার নিজের বাসায় খুন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

নিহত নুরুল ইসলাম ফারুকী একজন সুফি মতবাদের অনুসারী এবং ইসলামি বক্তা ছিলেন। তিনি চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র উপস্থাপক ছিলেন। এছাড়া, তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত