নতুন মামলায় আটকে গেল মডেল মিষ্টি সুভাসের মুক্তি
স্ট্রিম সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চার মামলায় জামিন পেলেও এই আদেশের ফলে তাঁর কারামুক্তি আটকে গেছে।
শুনানিতে মিষ্টি সুভাস আদালতকে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’
এ দিন সকালে কারাগার থেকে মিষ্টি সুভাসকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী তাঁকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দিয়ে আদালতকে বলেন, আসামি একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের পক্ষে শক্তি উৎপাদনকারী। এই মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাই তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর তিনি গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে তাঁকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পেয়ে তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন। তবে কারাগারে থাকা অবস্থায় গত ৯ সেপ্টেম্বর নতুন করে এই হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান। ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আবির নামের এক কিশোর। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। তাঁদের ছোড়া গুলিতে আবির গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলাটি করা হয়।
.png)
-7c29dd-256x144.webp)



-be3e10-256x144.webp)
-b220c9-256x144.webp)
-e12bb5-256x144.webp)