নির্বাচনে অংশ নিলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি

শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে চাকরি ছাড়তে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ জন্য আগামী দিনে আইন প্রণয়ন করা প্রয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সে জন্য আইন থাকা প্রয়োজন। কোন শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিয়ে করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে আমরা পর্যাপ্ত বিনিয়োগ করছি। এই অর্থ যেন সঠিকভাবে কাজে লাগানো হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। ‌আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, শিক্ষা খাতের মানোন্নয়নে ৯৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের অনুদান প্রদান করা হয়েছে। এই অর্থের যেন সদ্ব্যবহার করা হয় সেদিকে নজর রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক। এছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশন, ইউনিসেফ, ইউনেস্কো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল পার্টনারশিপ ফর বাংলাদেশ এর প্রতিনিধিরা বক্তব্য দেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত