রাশিয়ার ১৭ অঞ্চলে ইউক্রেনের ৮০০ ড্রোন হামলা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

রাশিয়ার মস্কো অঞ্চলের কোলোদিনোতে ইউক্রেনীয় ড্রোন হামলার পর জ্বলতে থাকা ওয়াইল্ডবেরিজের গুদাম। ছবি: রয়টার্স

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ১৭টি অঞ্চল লক্ষ্য করে রোববার (১৬ আগস্ট) বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। রাশিয়া দাবি করেছে, রাতভর চালানো এ হামলায় ৮০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। সবচেয়ে বেশি ড্রোন ছোড়া হয়েছিল দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, রাজধানীর আশপাশের এলাকায় ১৮৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। মস্কোর ৪৫ কিলোমিটার দক্ষিণে কোলোদিনো এলাকায় রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ড্রোন আঘাত হানলে আগুন ধরে যায়। এ ঘটনায় কেউ আহত হননি।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রুশ বাহিনীর সামরিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায় ওয়াইল্ডবেরিজের ১০টি লজিস্টিকস কেন্দ্রের মধ্যে ৭টিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানান সেখানকার গভর্নর।

ইউক্রেনেও পাল্টা রুশ হামলা

একই সময়ে ইউক্রেনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে রুশ হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্য ইউক্রেনের ক্রেমেনচুক ও ক্রিভি রিহেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

জেলেনস্কি জানান, ক্রিভি রিহে দুজন এবং উত্তরাঞ্চলের সুমি শহরে একজন নিহত হয়েছেন। ক্রিভি রিহের আর্সেলর মিত্তাল স্টিল কারখানায় হামলায় একজন নিহত ও ১৩ জন আহত হন। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, ইন্টারসেপ্টরের ঘাটতির কারণে রাতে ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়নি। গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে ১ হাজার ৫৫০টির বেশি ড্রোন ও ৬২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন

এদিকে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি অজ্ঞাত ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান। বিমানটি ন্যাটোর এয়ার-পুলিশিং মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটি প্রতিবেশী মলদোভা থেকে সীমান্ত পেরিয়ে তাদের আকাশসীমায় ঢুকেছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাশিয়ার ১৭ অঞ্চলে ইউক্রেনের ৮০০ ড্রোন হামলা