কাপ্তাই হ্রদে ৫ দিনে ৬৪০ টন মাছ, শুল্ক আদায় ১.৪২ কোটি টাকা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২১: ৩২
কাপ্তাই লেকে ধরা পড়ছে মাছ। ছবি: সংগৃহীত

সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে।

গত ১১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত কাপ্তাই, মারিশ্যা ও মহালছড়িসহ বিভিন্ন অবতরণকেন্দ্রে এ মাছ সংগৃহীত হয়। এর মধ্যে প্রথম দিনেই পাওয়া গেছে ১৯৩ মেট্রিক টন মাছ, যা থেকে বিএফডিসির রাজস্ব এসেছে ৪২ লাখ ৩৮ হাজার ৬১১ টাকা। গত বছর প্রথম দিনে ১২৫ মেট্রিক টন মাছ আহরণ হয়েছিল।

রোববার (১৬ আগস্ট) কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণকেন্দ্রে দেখা যায়, ট্রলারে করে জেলেরা কাচকি ও চাপিলাসহ বিভিন্ন জাতের মাছ ঘাটে আনছেন। ব্যবসায়ীরা সেসব মাছ কিনে বিএফডিসিকে শুল্ক পরিশোধের পর বরফজাত করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম জানান, পরিমাণের দিক থেকে এবার ভালো ফল পাওয়া গেলেও মাছের আকার তুলনামূলক ছোট। আরও ১৫ দিন মাছ শিকার বন্ধ রাখার পরিকল্পনা থাকলেও জেলে ও ব্যবসায়ীদের দাবির মুখে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গত মঙ্গলবার (১১ আগস্ট) থেকে মাছ ধরার অনুমতি দেওয়া হয়।

রাঙামাটি জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কবির হোসেন জানান, সাড়ে তিন মাস পর মাছ আহরণ শুরু হওয়ায় ব্যবসায়ীরা খুশি। তবে অধিকাংশ মাছ ছোট হওয়ায় কিছুদিন পার হলে পরিস্থিতি স্পষ্ট বোঝা যাবে। প্রতি বছর প্রজনন মৌসুমে হ্রদে তিন মাসের নিষেধাজ্ঞা থাকলেও এবার মাছের বৃদ্ধি কম হওয়ায় জেলা প্রশাসন তা ১০ দিন বাড়িয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

কাপ্তাই হ্রদে ৫ দিনে ৬৪০ টন মাছ, শুল্ক আদায় ১.৪২ কোটি টাকা