২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার দাবি নাকচ মালয়েশিয়ার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৪
বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মালয়েশিয়ার তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত
বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মালয়েশিয়ার তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ছয় মাসের মধ্যে দুই লাখ বাংলাদেশি কর্মী নেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এই দাবির বিপরীতে ভিন্ন কথা বলেছে মালয়েশিয়া। বাংলাদেশের প্রতিমন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা যাবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার তথ্যমন্ত্রী ফাহমি ফাদজিল।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানানের তথ্যের ভিত্তিতে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া এই বক্তব্যকে বাংলাদেশ সরকারের কোনো দাপ্তরিক বা নীতিগত ঘোষণা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিষয়টির ব্যাপারে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে জানিয়েছেন, এটি বাংলাদেশ সরকারের কোনো অফিশিয়াল বা আনুষ্ঠানিক বক্তব্য ছিল না।’

তিনি আরও বলেন, যতটুকু বুঝতে পেরেছি, এটি একজন জুনিয়র মন্ত্রী বা প্রতিমন্ত্রী দাবি করেছিলেন। তাই এটিকে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া যায় না।

তথ্যমন্ত্রীর আগে বিষয়টি নিয়ে মালয়েশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামানান।

তিনি সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডেকে জানিয়েছেন, মালয়েশিয়া সরকারের আপাতত অতিরিক্ত কোনো বিদেশী কর্মী আনার পরিকল্পনা নেই।

৬ মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়টি নাকচ করে রামানান বলেন, ‘ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী আসা কীভাবে যুক্তিযুক্ত হতে পারে? তার মানে কি আমরা প্রতিদিন এক হাজারের বেশি বাংলাদেশি কর্মী দেশে নিয়ে আসব? এটি অবাস্তব, অসংলগ্ন এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।’

তিনি ফ্রি মালয়েশিয়া টুডেকে নিশ্চিত করে বলেছেন, মালয়েশিয়া সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট শ্রমশক্তির মধ্যে বিদেশী কর্মীদের অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

মালয়েশিয়ার দুই মন্ত্রীর এমন বক্তব্যের আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেবে। সেদিন সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ওই তথ্য দেন।

শাহে আলম বলেছিলেন, মালয়েশিয়া অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নেবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ধাপে ধাপে কর্মী পাঠানো শুরু হবে এবং ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে বলে রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন।

এছাড়া আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও তথ্য দিয়েছিলেন তিনি।

সূত্র: মালয়মেইল, ফ্রি মালয়েশিয়া টুডে

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত