চা বাগানে মজুরি বাড়ানোর আন্দোলন, শ্রীমঙ্গলে শ্রমিক নেত্রী গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় আসামি হিসেবে তাকে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।

৫০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে এক মাসের বেশি সময় ধরে এই আন্দোলন চলছে। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ৫০টি চা বাগানে একযোগে দুই ঘণ্টা কর্মবিরতিও পালন করছেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী বিষু প্রসাদ গোয়ালার অভিযোগ, গত ৩১ আগস্ট শ্রীমঙ্গল চৌমোহনা থেকে লেবার ইউনিয়ন পর্যন্ত মানববন্ধন ও মিছিলের কর্মসূচি প্রশাসনকে আগেই জানানো হয়েছিল। সেদিন মানববন্ধন শেষে মিছিল নিয়ে কিছুক্ষণ অবস্থানের পর বৃষ্টির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

কিশোর প্রধান দাবি করেন, এ সময় চা-শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সুভাষ রবিদাস, বিজয় হাজরা, নৃপেন পাল, পঙ্কজ কন্দ ও ইউনিয়নের স্টাফ দুলাল হাজরা তাদের ওপর হামলা করেন। তার অভিযোগ, দুলাল হাজরা ‘রডের মতো কিছু’ দিয়ে জনকলাল দেশোয়ারা জনি নামে এক কর্মীকে ইউনিয়ন কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন। পরে আহত জনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তবে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মামলা দায়েরকারী নিপেন পাল অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকরা মানববন্ধন শেষে লেবার হাউসে ঢুকে হাঙ্গামা ও ভাঙচুর করেন। তার দাবি, এ সময় দুটি গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় গীতা রানী কানুসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অফিস দখল ও ভাঙচুরের মামলা করা হয়েছে।

অন্যদিকে, কিশোর প্রধান মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে বলেন, শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ের ভেতরে ঢোকেননি। এ বিষয়ে তাদের কাছে প্রশাসনকে আগে অবহিত করার প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।

গীতা রানী কানুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘একটা মামলা হয়েছে। ওইদিন উনারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে মারামারি ও গ্লাস ভাঙচুর করেছেন—এই অভিযোগে মামলা হয়েছে।’

গীতা রানী কানু ওই মামলার আসামি কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তিনি আসামি।’ এ মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন জানিয়ে তিনি বলেন, গীতা রানী কানুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত