বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব: আইনমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৫: ২৯
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মরণসভায় বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। স্ট্রিম ছবি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কেউ বিচার বিভাগের দুর্নীতির কথা বলেন, কেউ দালাল চক্রের কথা বলেন, কেউ কাঠামোগত দুর্বলতার কথা বলেন। আমার কাছে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।’

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, তিনি এমন একটি বিচার বিভাগ চান, যেখানে গরিব-অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। বিচারকদের মনে রাখতে হবে, তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই এই পেশায় এসেছেন।

তিনি আরও বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তাহলে ধরে নিতে হবে, সমাজের আর ১০টা চাকরির মতো চাকরি করতে আসিনি। সৃষ্টিকর্তার পর মানুষ যেন আস্থা ও বিশ্বাস রাখতে পারে– এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেদিন দেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসবেন বলেছেন। তিনিও চান, শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন। আইনের পথে হাঁটবেন।

শেখ হাসিনার খুন, গুম ও গণহত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করার উপায় নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।’

সাবেক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে যারা বেশি কথা বলছেন তাদের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘একবার বুকের ওপর হাত রেখে বলুন তো, এতগুলো অপরাধের পরও উনি জনগণের কাছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছেন কিনা? একবারের জন্যও হাসিনার মনে হয়েছে কিনা, অপরাধ করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত