বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬

সমুদ্র-উপাত্তের রূপান্তর ও বাংলাদেশের সামুদ্রিক ভবিষ্যৎ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৭: ৫২
স্ট্রিম গ্রাফিক্স

ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পিটার ড্রাকার একবার বলেছিলেন, ‘ইউ ক্যাননট ম্যানেজ হোয়াট ইউ ক্যাননট মেজার’ অর্থাৎ, যা পরিমাপ করা যায় না, তা কার্যকরভাবে পরিচালনাও করা যায় না। সমুদ্র সম্পর্কেও এই সত্য সমানভাবে প্রযোজ্য। যে রাষ্ট্র তার সমুদ্রকে ভালোভাবে জানে, বুঝে এবং মানচিত্রায়ন করতে পারে, সেই রাষ্ট্রই তার সামুদ্রিক সম্পদ, নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে সবচেয়ে দক্ষতার সঙ্গে কাজে লাগাতে সক্ষম হয়।

এই কারণেই হাইড্রোগ্রাফি কেবল একটি কারিগরি শাখা নয়; এটি আধুনিক সামুদ্রিক শক্তির অন্যতম মৌলিক ভিত্তি। সমুদ্রের গভীরতা, তলদেশের ভূপ্রকৃতি, স্রোত, জোয়ার-ভাটা এবং নৌ-চলাচল সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের বিজ্ঞানই হলো হাইড্রোগ্রাফি। নিরাপদ নৌ-চলাচল থেকে শুরু করে বন্দর ব্যবস্থাপনা, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পূর্বাভাস, অফশোর জ্বালানি অনুসন্ধান এবং সুনীল অর্থনীতির বিকাশ—সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্ভুল সমুদ্র-উপাত্ত।

১৯২১ সালের ২১ জুন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (আইএইচও) প্রতিষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২১ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। ২০২৬ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ট্রান্সফরমিং হাউ ওশান ডাটা ইজ শেয়ার্ড’ বা ‘সমুদ্র-উপাত্ত বিনিময়ের রূপান্তর’।

প্রথম দৃষ্টিতে এটি একটি প্রযুক্তিগত প্রতিপাদ্য বলে মনে হতে পারে। বাস্তবে এটি সামুদ্রিক শাসন, নিরাপত্তা এবং অর্থনীতির ভবিষ্যৎ রূপান্তরের একটি কৌশলগত আহ্বান। এর মূল বার্তা হলো: সমুদ্র-সংক্রান্ত তথ্য আর বিচ্ছিন্ন ডাটাবেজ বা আলাদা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং একটি আন্তঃসংযুক্ত, মানসম্মত এবং রিয়েল-টাইম ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিকভাবে বিনিময় ও ব্যবহার করা হবে।

সমুদ্র সম্পর্কে চাই নির্ভরযোগ্য তথ্য

দীর্ঘদিন ধরে হাইড্রোগ্রাফির প্রধান লক্ষ্য ছিল নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। কিন্তু একবিংশ শতাব্দীতে এর পরিধি বহুগুণ বিস্তৃত হয়েছে। জাতিসংঘ ঘোষিত ‘ওশান ডিকেড (২০২১-২০৩০)’ বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে যে, সমুদ্র সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ছাড়া টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা কিংবা সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সম্ভব নয়।

আজ হাইড্রোগ্রাফি কেবল নাবিকদের সহায়ক নয়; এটি সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু মডেলিং, অফশোর অবকাঠামো উন্নয়ন এবং সুনীল অর্থনীতির ভিত্তি।

এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে আইএইচও-এর ‘এস-১০০ ইউনিভার্সাল হাইড্রোগ্রাফিক ডাটা মডেল’। এটি ভবিষ্যৎ সামুদ্রিক তথ্য ব্যবস্থার একটি অভিন্ন ডিজিটাল কাঠামো, যার মাধ্যমে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য একই প্ল্যাটফর্মে ব্যবহার করা সম্ভব হবে।

সামুদ্রিক তথ্য এখন শুধু নেভিগেশনের সহায়ক নয়; এটি সামুদ্রিক নিরাপত্তা, সামরিক পরিকল্পনা, সাবমেরিন অপারেশন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারেরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফলে তথ্যের উন্মুক্ততা যেমন প্রয়োজন, তেমনি জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল তথ্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬-এর প্রতিপাদ্যের মূল লক্ষ্য হচ্ছে এস-১০০ ভিত্তিক ডেটা সেবার ব্যবহারকে ত্বরান্বিত করা। বিশেষত ‘এস-১০১ ইলেকট্রোনিক নেভিগেশনাল চার্টস(ইএনসি’ এবং ‘এস-১০২ বাথিমেট্রিক সারফেস’ আন্তর্জাতিক নৌ-পরিবহনে নতুন প্রজন্মের ডিজিটাল নেভিগেশনের ভিত্তি গড়ে তুলছে। একই সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), আন্তর্জাতিক নৌ-সহায়ক ও বাতিঘর কর্তৃপক্ষ সংস্থা (আইএ্রএলএ) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও)-এর তথ্যসেবাগুলোকেও এই ডিজিটাল ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ চলছে।

ফলে ভবিষ্যতের জাহাজ কেবল একটি ডিজিটাল চার্টই দেখবে না; একই সঙ্গে সমুদ্রের গভীরতা, আবহাওয়া, স্রোত, জোয়ার-ভাটা এবং নেভিগেশন সতর্কবার্তা একক প্ল্যাটফর্মে পাবে। এটি বৈশ্বিক নৌ-পরিবহনকে আরও নিরাপদ, দক্ষ এবং তথ্যনির্ভর করে তুলবে।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক সালিশি রায়ের মাধ্যমে অর্জিত প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকাসহ বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় রাষ্ট্র। দেশের অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাগত ভবিষ্যতের একটি বড় অংশ বঙ্গোপসাগরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ফলে সমুদ্র-উপাত্ত আর কেবল বৈজ্ঞানিক সম্পদ নয়; বরং একটি কৌশলগত জাতীয় সম্পদ।

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বেশির ভাগ পরিচালিত হয় চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে। পাশাপাশি পায়রা এবং মাতারবাড়ী বন্দর প্রকল্প দেশের সামুদ্রিক অবকাঠামোকে নতুন মাত্রা দিচ্ছে। উন্নত ইলেকট্রনিক নেভিগেশন চার্ট এবং রিয়েল-টাইম সামুদ্রিক তথ্য ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচল আরও নিরাপদ, দ্রুত এবং দক্ষ করা সম্ভব। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে, জাহাজের অপেক্ষার সময় হ্রাস পাবে এবং বন্দরগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং উপকূলীয় প্লাবনের তীব্রতা অনেকাংশে সমুদ্রতলের ভূপ্রকৃতির ওপর নির্ভরশীল। উন্নত বাথিমেট্রিক তথ্যের মাধ্যমে ঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস এবং উপকূলীয় ঝুঁকি বিশ্লেষণ আরও নির্ভুল করা সম্ভব। ভবিষ্যতে ‘ডিজিটাল টুইন অব দ্য ওশান’ প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারলে বাংলাদেশ সমুদ্রভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সক্ষমতা অর্জন করবে।

বাংলাদেশে সুনীল অর্থনীতি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এর ভিত্তি হলো নির্ভরযোগ্য সমুদ্র-উপাত্ত। মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, অফশোর জ্বালানি অনুসন্ধান, সাবমেরিন কেবল স্থাপন, সামুদ্রিক গবেষণা এবং ভবিষ্যৎ গভীর সমুদ্র সম্পদ উন্নয়নের জন্য উচ্চমানের হাইড্রোগ্রাফিক তথ্য অপরিহার্য। যে রাষ্ট্র তার সামুদ্রিক এলাকাকে সবচেয়ে ভালোভাবে জানবে, সেই রাষ্ট্রই তার অর্থনৈতিক সম্ভাবনাকে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগাতে পারবে।

সমুদ্র-উপাত্তের ভূ-রাজনীতি

একবিংশ শতাব্দীতে সমুদ্র-উপাত্তের গুরুত্ব কেবল অর্থনৈতিক নয়; ক্রমবর্ধমানভাবে ভূ-রাজনৈতিকও হয়ে উঠছে। স্যাটেলাইট, স্বয়ংক্রিয় সেন্সর, সমুদ্রতল মানচিত্রায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণের ফলে বিশ্ব মহাসাগর ধীরে ধীরে একটি ‘ট্রান্সপারেন্ট ওশান’-এ পরিণত হচ্ছে। সমুদ্র সম্পর্কে যত বেশি তথ্য পাওয়া যাচ্ছে, তত বেশি গুরুত্ব পাচ্ছে সেই তথ্যের মালিকানা, প্রবেশাধিকার এবং ব্যবহার।

সামুদ্রিক তথ্য এখন শুধু নেভিগেশনের সহায়ক নয়; এটি সামুদ্রিক নিরাপত্তা, সামরিক পরিকল্পনা, সাবমেরিন অপারেশন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারেরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফলে তথ্যের উন্মুক্ততা যেমন প্রয়োজন, তেমনি জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল তথ্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।

একবিংশ শতাব্দীতে সমুদ্র-উপাত্তের গুরুত্ব কেবল অর্থনৈতিক নয়; ক্রমবর্ধমানভাবে ভূ-রাজনৈতিকও হয়ে উঠছে। স্যাটেলাইট, স্বয়ংক্রিয় সেন্সর, সমুদ্রতল মানচিত্রায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণের ফলে বিশ্ব মহাসাগর ধীরে ধীরে একটি ‘ট্রান্সপারেন্ট ওশান’-এ পরিণত হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী এবং এর হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন সমুদ্র জরিপ, নটিক্যাল চার্ট প্রস্তুত এবং ইলেকট্রনিক নেভিগেশনাল চার্ট উন্নয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের জলসীমার জন্য প্রস্তুতকৃত ইএনসি এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বৈশ্বিক নৌ-পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। এর ফলে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।

এস-১০০ ভিত্তিক তথ্য ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক তথ্য ও সেবা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এটি শুধু অর্থনৈতিক সুযোগই সৃষ্টি করবে না; বরং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্বও বৃদ্ধি করবে।

জোর দিতে হবে সমুদ্র-উপাত্ত ব্যবস্থাপনায়

এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশকে একটি সমন্বিত ‘ন্যাশনাল মেরিন স্পেশাল ডাটা ইনফ্রাস্ট্রাকচার (এমএসডিআই)’ গড়ে তুলতে হবে। আর এখানে নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর কর্তৃপক্ষ, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানসমূহ সমন্বিতভাবে তথ্য আদান-প্রদান করতে পারবে।

একই সঙ্গে এস-১০০ প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক জরিপ সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য সুরক্ষার সুস্পষ্ট নীতিমালা প্রণয়নও জরুরি।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ আমাদের একটি মৌলিক বাস্তবতার সামনে দাঁড় করায়—একবিংশ শতাব্দীতে সামুদ্রিক শক্তির প্রকৃত ভিত্তি কেবল জাহাজ, বন্দর কিংবা সমুদ্রসীমা নয়; বরং তথ্য, জ্ঞান এবং সেই জ্ঞানকে কাজে লাগানোর সক্ষমতা। আজকের বিশ্বে যে রাষ্ট্র তার সমুদ্রকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে, সেই রাষ্ট্রই অর্থনৈতিক, পরিবেশগত এবং কৌশলগত সুবিধা অর্জন করবে। বাংলাদেশের জন্য কেবল প্রযুক্তিগত আধুনিকায়নের প্রশ্ন নয়; এটি জাতীয় সক্ষমতা নির্মাণের প্রশ্ন।

আন্তর্জাতিক আইনের মাধ্যমে অর্জিত সামুদ্রিক অধিকারকে বাস্তব অর্থনৈতিক শক্তি, নিরাপদ নৌ-চলাচল এবং কার্যকর সামুদ্রিক নিরাপত্তায় রূপান্তর করতে হলে আমাদের সমুদ্র-উপাত্ত ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা করতে হবে।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য তাই কেবল একটি আহ্বান নয়; এটি বাংলাদেশের সামুদ্রিক ভবিষ্যতের জন্য একটি কৌশলগত রূপরেখা। সমুদ্র সম্পর্কে আমাদের জ্ঞান যত গভীর হবে, ততই শক্তিশালী হবে আমাদের সামুদ্রিক নিরাপত্তা।

  • কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ (অবসরপ্রাপ্ত): মহাপরিচালক, বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইএমআরএডি)
Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত