জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ভোট চুরি প্রতিরোধের ঘোষণা এনসিপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪৫
সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সহিংসতা ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। তারা হুঁশিয়ারি দিয়েছে, এবার ভোট চুরি হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার সরাসরি নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, টাকা উদ্ধারের নামে সাধারণ ভোটার ও কর্মীদের হয়রানি করা হচ্ছে। তবে ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভোট চুরি প্রসঙ্গে এনসিপি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চুরি দেখব না। ১১ দলীয় জোটের নেতাকর্মীরা প্রতিটি কেন্দ্রে পাহারায় থাকবেন এবং প্রয়োজনে সশরীরে প্রতিরোধ গড়ে তোলা হবে।‘

সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক মনিরা শারমিন অভিযোগ করেন, এনসিপির প্রার্থী হান্নান মাসুদের সমর্থকদের ওপর হামলা এবং পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এছাড়া ঢাকা-১৫ আসনে ১৩টি বুথ ভাঙচুর এবং নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রিটার্নিং কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। বরগুনা-১ আসনে এক কর্মীর পা ভেঙে দেওয়ার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফয়সাল মাহমুদ শান্ত, লুৎফর রহমান ও অ্যাডভোকেট হুমায়রা নূরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত