সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় বয়ানের সাফাই: ইসলামী আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৮: ৩৪
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অনভিপ্রেত এবং ভারতীয় বয়ানের পক্ষে সাফাই বলে মন্তব্য করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৩ মে) দলটির মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্কে সীমান্ত হত্যা একটি অস্বস্তিকর বিষয়। ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে। বিগত ১০ বছরে প্রায় এক হাজার মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক নিহত হয়, যার বেশিরভাগই বাংলাদেশি। সীমান্ত এলাকাকে দক্ষিণ এশিয়ার হত্যার ক্ষেত্রে পরিণত করা হয়েছে। অনেক ক্ষেত্রে নিরস্ত্র এবং অসহায় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের পরিষ্কার প্রমাণ থাকার পরেও এখন পর্যন্ত কাউকে এসব হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়নি।

ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলা হয়, সীমান্ত এলাকায় বিএসএফ ধর্ষণ ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে। এমন নির্মমতার পরেও বিগত শেখ হাসিনা সরকার ভারতের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেয়নি। ভারতের সঙ্গে তাল মিলিয়ে বিগত সরকারের মন্ত্রীরাও হত্যাকারীর বদলে নিহতদের দায়ী করতেন।

গাজী আতাউর রহমান বলেন, আমরা বিএনপি সরকারের কাছ থেকে ভিন্নকিছু আশা করেছিলাম। কিন্তু গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সীমান্তহত্যা নিয়ে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত। তাঁর এই বক্তব্য ভারতীয় অপরাধ ও বর্বরতার পক্ষে সাফাই তৈরি করবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাই।

ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব বলেন, আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়া, হাট-বাজারে বেচাকেনা করা, কাজ খোঁজার জন্য অনেক মানুষ নিয়মিত সীমান্ত পারাপার করে। এ ছাড়াও সীমান্তের শূন্যরেখার কাছে কৃষিজমিতে কৃষিকাজ কিংবা নদীতটে মৎস্য আহরণের জন্যও অনেক মানুষকে সীমান্তপথ অতিক্রম করতে হয়।

কেউ কেউ ছোটখাটো এবং গুরুতর আন্তঃসীমান্ত অপরাধেও থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এ নেতা বলেন, ‘আমরা এই বাস্তবতা জানি। এর সমাধানে আইন আছে। কেউ অপরাধ করলে আইন অনুসারে তার যা শাস্তি হওয়া দরকার তা-ই হবে। কিন্তু সরাসরি গুলি করে মানুষ হত্যা করা বিশ্বের কোন আইনেই বৈধ হয় না। ভারত বরাবরই তা করে যাচ্ছে। দুঃখজনক বিষয় হলো, আমাদের সরকারগুলোও এর পক্ষে সাফাই বয়ান তৈরি করছে।’

সর্বাধিক পঠিত

সম্পর্কিত