সাংবাদিক পিটিয়ে জামায়াত থেকে বহিষ্কার ৪

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২: ৩৪
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের মারধর করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের মারধরের ঘটনায় দল থেকে চারজনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশে বুধবার (২৪ জুন) তাদের বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। তাদের মধ্যে দুজন রুকন পর্যায়ের জনশক্তি বলে জানা গেছে।

জামায়াতের মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে চারজনকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াত জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার পর জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ চার সদস্যের তদন্ত কমিটি করে। কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে একটি মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। পরে ধানমন্ডি ৩২ নম্বরে তাদের ব্রিফিংয়ের সময় মারধরের শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। তাঁকে উদ্ধারে গিয়ে আহত হন আরও কয়েকজন।

Ad 300x250

সম্পর্কিত