জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নাতির কাঁধে চড়ে শতবর্ষী তৈয়বজানের ভোট

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই দৃশ্য দেখা যায়। ভোট প্রদান শেষে হাসিমুখে তৈয়বজান বলেন, ‘নিজে চলাফেরা করতে না পারলেও তিনি ভোট দিতে এসেছেন। নিজের হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে বলে জানান তিনি।’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪১
ভোটকেন্দ্রে শতবর্ষী তৈয়বজান। স্ট্রিম ছবি

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টিও ঝাপসা। তবুও নাগরিক দায়িত্ব পালনের দৃঢ়তায় কোনো ভাটা পড়েনি আনুমানিক ১২০ বছর বয়সী তৈয়বজানের। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে দুই নাতির কাঁধে ভর দিয়ে ভোট দিতে কেন্দ্রে এসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই দৃশ্য দেখা যায়। ভোট প্রদান শেষে হাসিমুখে তৈয়বজান বলেন, ‘নিজে চলাফেরা করতে না পারলেও তিনি ভোট দিতে এসেছেন। নিজের হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে বলে জানান তিনি।’

একই কেন্দ্রে ভোট দিতে আসা পূর্বধারা গ্রামের ভোটার আকিবুল ইসলাম জানান, ‘প্রায় ১৬-১৭ বছর পর তিনি সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।’ তাঁর ভাষায়, এবারই মনে হয়েছে সত্যিকার অর্থে ভোট দিতে পেরেছেন।

ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রজুড়ে সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ সারি ও উৎসবমুখর পরিবেশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৩০৫ জন। প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ মোজাহারুল হক জানান, ‘ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারদের জন্য নিচতলায় এবং পুরুষ ভোটারদের জন্য দোতলায় বুথ স্থাপন করা হয়েছে।’

তিনি আরও জানান, এদিন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অনেক ভোটারকে ক্র্যাচে ভর দিয়ে কিংবা স্বজনদের সহায়তায় কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে।

ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করলেও ভোটগ্রহণের গতি কিছুটা ধীর বলে মন্তব্য করেন।

অন্যদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম থাকা এবং অ্যাপে তথ্য প্রদর্শিত হওয়া সত্ত্বেও কিছু ভোটার কেন্দ্রে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন। তাদের নাম তালিকায় নেই বলে জানানো হচ্ছে, যা তিনি অপ্রত্যাশিত বলে দাবি করেন।

Ad 300x250

সম্পর্কিত