জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

গোপালগঞ্জে ভোটার উপস্থিতি তলানিতে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

ভোটার না থাকায় গোপালগঞ্জের অনেক কেন্দ্রে অলস বসে ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। স্ট্রিম ছবি

সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও গোপালগঞ্জে অধিকাংশ কেন্দ্র ছিল খালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও অধিকাংশ কেন্দ্রে তা ২০ শতাংশ পার হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে ৭টায় জেলা শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, একজন ভোটারও নেই। বুথগুলোতে প্রার্থীদের পোলিং এজেন্টরা অপেক্ষা করছেন। তবে সময় গড়ানোর সঙ্গে এই চিত্র বদলাতে শুরু করে। ধীরে ধীরে ভোটাররা আসতে শুরু করেন, যদিও দীর্ঘ সারি দেখা যায়নি।

কোটালীপাড়ার ৫টি কেন্দ্রে ঘুরে দেখা যায়, দুপুর ১টা পর্যন্ত নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০ শতাংশ, প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮.০৬%, পীড়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২.০৬% ও রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাত্র ৬.২৫ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া শহরের উত্তর গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টার দিকে ভোট গ্রহণের হার ছিল ১৬.০৫ শতাংশ।

শহরের বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল এমন। বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শেখ রাজু ইসলাম জানান, এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৮২১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৫৮৩ জন। হিসাবে, ২০ শতাংশের কম।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের সংসদ নির্বাচনে না থাকায় দলটির ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। এর সঙ্গে বুধবার ভোটের আগের রাতে জেলা সদর ও টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অন্তত ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল।

অবশ্য আজ সকাল থেকে পরিবেশ স্বাভাবিক থাকায় অনেকে ভোট দিতে আসেন। এমন কয়েকজন সাধারণ ভোটার জানান, রাতে বিস্ফোরণের ঘটনায় একটু চিন্তায় ছিলেন। তবে সকালে কেন্দ্রে গিয়ে দেখেন পরিবেশ বেশ শান্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে, তাই নিশ্চিন্তে ভোট দিয়েছেন।

এদিকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি টহলে ছিল সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি। তবে এর মধ্যেই সকাল ৯টায় শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে ককটেল হামলা হয়। এতে শিশুসহ তিনজন আহত হয়। এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়া কান্দিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে একটি দল। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার আগেই তারা সটকে যান।

Ad 300x250

সম্পর্কিত