নেতাকর্মীদের তারেক রহমান

রাস্তা বন্ধ করলে বদনাম দলের, কষ্ট হবে মানুষের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২২: ২৬
রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীর উদ্দেশে বক্তৃতা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। তাঁর আগমন ঘিরে দুপুর থেকে হাজারো নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কার্যালয়ের সামনের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। কিছুক্ষণ পরপর নানা স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন তারা। এ সময় ভিড়ের কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে নেতাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে বক্তৃতায় তারেক রহমান বলেন, আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে। কিন্তু প্রতিদিন যদি রাস্তা এভাবে বন্ধ করা হয়, তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষেরও কষ্ট হবে। এভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেটি সাধারণ স্বাভাবিক বিষয়, তা চেষ্টা করতে হবে, যাতে সবকিছু স্বাভাবিক থাকে।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কার্যালয়ের সামনের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। ছবি: সংগৃহীত
সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কার্যালয়ের সামনের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। ছবি: সংগৃহীত

তিনি বলেন, অফিসে আমি আরও আসব। কিন্তু এ রকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এ রকম রাস্তা বন্ধ হয়, তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যেসব নেতাকর্মী আছেন, সারা দেশে আমাদের যেসব নেতাকর্মী আছেন, আমাদের ধৈর্য ধরতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়– এমন কাজ কোনোভাবে করা যাবে না।

সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করেন চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করেন চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

তিনি আরও বলেন, অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত