leadT1ad

মানিকগঞ্জ-৩: নির্বাচনের প্রধান ইস্যু দেড় দশকের গ্যাস সংকট ও স্থবির শিল্পায়ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১৪
মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এক সময় কর্মচঞ্চল থাকলেও গ্যাস সংকটের কারণে বর্তমানে সেখানকার অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার কাছাকাছি হলেও উন্নয়নের দিক থেকে মানিকগঞ্জ আজও অবহেলিত—এমনটিই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ ১৫ বছরের তীব্র গ্যাস সংকট এবং এর ফলে স্থবির হয়ে পড়া শিল্পায়ন। প্রার্থীরা পাড়া-মহল্লায় উন্নয়নের ঝুলি নিয়ে ঘুরলেও ভোটাররা এবার ‘সস্তা প্রতিশ্রুতি’ নয়, বরং কাজের বাস্তবায়ন দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এক সময় কর্মচঞ্চল থাকলেও গ্যাস সংকটের কারণে বর্তমানে সেখানকার অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কোনো শিল্প উদ্যোক্তা এই অঞ্চলে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।

সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার গৃহিণী রাবেয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দশ বছর ধরে শহরে বাস করছি, কিন্তু একদিনের জন্যও লাইনের গ্যাস পাইনি। আশপাশের সবাই বলে, ১৫ বছর ধরে গ্যাস বন্ধ। নির্বাচন এলে প্রার্থীরা শুধু সমাধানের বুলি দেন। আমরা এবার আর কথায় ভুলব না; যে কাজ করবে তাকেই বেছে নেব।’

কৃষ্ণপুর ইউনিয়নের বৃদ্ধ আবুল হাসেম বলেন, ‘গ্যাস সঙ্কটের কারণে কারখানাগুলো বন্ধ হয়ে আছে। উদ্যোক্তারা যে সাহস করে বিনিয়োগ করবে, সেই উপায়ও নেই।’

মানিকগঞ্জ-৩ আসনে এবার ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণেই আমি প্রার্থী হয়েছি। এ অঞ্চলের মানুষ দীর্ঘকাল বিএনপির যোগ্য নেতৃত্বের অপেক্ষায় ছিল। তাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার অঙ্গীকার।’

বাংলাদেশ জাসদের প্রার্থী মোহাম্মদ শাজাহান আলী বলেন, ‘বড় দলের বাইরে জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলতে আমি নির্বাচনে এসেছি। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছি।’

খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাঈদ নূর জানান, মানবসেবা ও জনকল্যাণই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

মানিকগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৪ লক্ষাধিক। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬০ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ জন।

এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন—বিএনপির আফরোজা খানম রিতা (ধানের শীষ), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী ফুল), খেলাফত মজলিসের মোহাম্মদ সাঈদ নূর (রিকশা), জেপির মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল), বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা (ফুটবল), বাংলাদেশ জাসদের মোহাম্মদ শাজাহান আলী (মোটরগাড়ি), স্বতন্ত্র রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল) এবং ইসলামী আন্দোলনের শামসুদ্দিন (হাতপাখা)।

Ad 300x250

সম্পর্কিত